WELLCOME TO KHNEWSBD BLOG ...... DIFFERENT DIMENSION REQUEST REGULAR VISITS LEFT ......

মেসির সঙ্গে খেলে গর্বিত ইনিয়েস্তা


ছুটি ছিল আরো চার দিন। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে ফিটনেস ঝালিয়ে নিতে হবে যে! আগেভাগেই তাই বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে ফিরলেন লিওনেল মেসি। ট্রেনিং গ্রাউন্ডে নেইমারের সঙ্গে ছবি দিয়ে তাঁর বার্তা, 'পরস্পরের সঙ্গে আবার দেখা হওয়াটা দারুণ ব্যাপার।'
সেই ১৩ বছর বয়সে জন্মভূমি রোসারিও ছেড়েছেন। এর পর থেকে বার্সেলোনাই তো মেসির ঘরবাড়ি। কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সি গায়ে খেলার কারণে এবার বাড়তি ছুটি পেয়েছিলেন। সেই ছুটিকে 'ছুটি' দিয়ে তাড়াতাড়ি ক্লাবে ফিরেছেন চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। নেইমারের সঙ্গে ছবি দিয়ে না হয় মেসির ফেসবুকে বার্তা! আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিয়ো বুশকেৎজ, জেরার্দ পিকেদের সঙ্গে আবার দেখা হওয়ার আনন্দ নিশ্চয়ই এর চেয়ে কম নয়। সেই আশৈশব থেকেই তো রয়েছেন একসঙ্গে! আর এই অভিজ্ঞতাটি যে অত্যন্ত আনন্দের, সেই জানা কথাটি সতীর্থ ইনিয়েস্তা জানিয়েছেন আরেকবার, 'সব ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাদের একসঙ্গে যেতে হয়েছে। পরস্পরকে আমরা বুঝি খুব ভালোভাবে। লিওর সঙ্গে এত দীর্ঘ সময়টা কাটছে দারুণ।' আর ঐশ্বরিক প্রতিভাবান এই ফুটবলারের সঙ্গে খেলা? বিশ্বকাপ জেতানো গোল করা ইনিয়েস্তা পর্যন্ত আপ্লুত হয়ে যান, 'এটি সত্যি যে, লিওর সঙ্গে খেলাটাই সম্মানের ব্যাপার। এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমার কাছে সব সময়ই ও অদ্বিতীয়। আশা করি, সামনে আরো অনেক দিন আমরা একসঙ্গে খেলতে পারব।'
বার্সেলোনার সতীর্থরা আরো অনেক দিনই প্রায় নিশ্চিতভাবে পাবেন মেসিকে। কিন্তু আর্জেন্টিনার? এই ফুটবল জাদুকরের 'আলবিসেলেস্তে'দের হয়ে না খেলার আশঙ্কার কথা ইদানীং শোনা যায় প্রায়ই। গত বছর বিশ্বকাপ এবং এ বছর কোপা আমেরিকার ফাইনালে দলকে তোলার পরও শিরোপা জেতাতে না পারায় আর্জেন্টিনায় মেসির সমালোচনা হচ্ছে প্রচুর। তাতেই তিতিবিরক্ত হয়ে অমন সিদ্ধান্ত নিতে পারেন বলে আর্জেন্টিনার বাস্কেটবল তারকা মানু গিনোবিলির ভয়, 'মেসি একটা দানব। সর্বশেষ দুটো টুর্নামেন্টে ও আমাদের ফাইনাল পর্যন্ত নিয়ে যায়। তার পরও আর্জেন্টাইন ক্রীড়াজড়তের সবচেয়ে মূল্যবান রত্নকে সমালোচনা করাটা স্রেফ পাগলামি। একদিন ও ক্লান্ত হয়ে আর্জেন্টাইনদের বলবে, তোমরা জাহান্নামে যাও। তখন কিন্তু সবাইকে চোখের জল ফেলতে হবে।' চারবারের এনবিএ চ্যাম্পিয়ন দলের এই শ্যুটিং গার্ডের কথায় যদি মেসির সমালোচনা এবার একটু কমে! এএফপি

No comments:

Post a Comment